সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন সভাকাণ্ডে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ভোরে ও সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

পুলিশ জানায়, গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের মহেষখেড় গ্রামের রাতারগুলে সোহেল স্কয়ার রিসোর্টের পেছনের একটি খালি জায়গায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীরা সহ গোপন সভা করেন সুনামগঞ্জ এক আসনের রনজিৎ সরকার।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাঈমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় এজাহারনামীয় তিন ও চার নম্বর আসামি ফরহাদ আহমদ (১৯) ও রাজু ইসলামকে (১৬) গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে নিজ নিজ বাড়ি থেকে মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহমদ (৫৯) ও আলী হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ। ফারুক গোয়াইনঘাটের খাস বারহাল এবং আলী হোসেন নয়াবস্তি গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়।

গ্রেপ্তার চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।