সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতার বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি বিস্ফোরক পাওয়ার জেল, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ও বিভিন্ন ধরনের চোরাই পণ্যও জব্দ করা হয়েছে।

তবে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে না পারায় পাচারচক্রের নেপথ্যের ব্যক্তিদের শনাক্তের বিষয়টি সামনে এসেছে। এসব বিস্ফোরক সীমান্তের কোন পথ দিয়ে এসেছে, কারা এর সংগ্রহ ও পরিবহনের সঙ্গে জড়িত এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

বিজিবি জানিয়েছে, বিস্ফোরক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাচারের হোতাদের তালিকা হালনাগাদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।