সিলেটে পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে এ হুঁশিয়ারি দেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তিনি অভিযোগ করেন, সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে চালকদের হয়রানি করা হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করলেও একটি মামলায় পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধ না হলে এবং দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবেন।
মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ; জেলা ও নগরীতে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ; সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান; পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দেওয়া; জেলা ও নগরীতে অটোরিকশার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশ ও বিআরটিএ সিলেটের বিরুদ্ধে ওঠা হয়রানির অভিযোগের অবসান।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ ও চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।
সমাবেশে মালিক-শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। এতে সিলেটের নগর ও জেলা পর্যায়ে অটোরিকশা চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।






