পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ১৪ বছর বয়সী ছোট বোন জামিন পেয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শিশু আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার। জামিন পাওয়া কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত ৩১ অক্টোবর দিবাগত রাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে প্রিন্স, তার মা-বাবা, ছোট বোন ও প্রিন্সের চার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১ নভেম্বর আদালত প্রিন্সের মা-বাবাসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বোনকে গাজীপুরের একটি নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফ হোম) পাঠানো হয়।
এরপর গত ৩ নভেম্বর প্রিন্সের মা শামী আক্তার পলি আদালত থেকে জামিন পান। এবার জামিন পেলেন তার ১৪ বছর বয়সী ছোট বোন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলায় প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। পরে হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা পুলিশের কাজে বাধা, হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়।






