সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরোয়ার চৌধুরী। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব প্রদানের বিষয়টি জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ ব্যবসায়িক কারণে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করায় জেলার সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও গতিশীল রাখার লক্ষ্যে নীতিমালার আলোকে কমিটি পুনর্গঠনের ধারাবাহিকতায় সরোয়ার চৌধুরীকে সহসভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

পত্রে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরোয়ার চৌধুরী এ পদে বহাল থাকবেন।

সরোয়ার চৌধুরী সিলেট সদর উপজেলার ১৪ নম্বর বনশ্রী হানিটিলা আবাসিক এলাকার বাসিন্দা। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা এনাম আহমেদ চৌধুরী এবং মাতা মোসারত এনাম চৌধুরী।

কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।