সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

সোমবার (১৬ নভেম্বর) রাতভর গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিলীপ শর্মা (৩২), পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ (৪৩), সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নং-১১/৩৫০-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টের পেছনের একটি নির্জন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের গোপন সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে পুলিশ ধারাবাহিক অভিযান চালাচ্ছে। নতুন করে চারজন গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে।