সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন দলীয় সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার গোয়াইনঘাট থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬-এর আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের গোপন দলীয় সভা আয়োজনের অভিযোগ ওঠে। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ধারাবাহিকতায় পুলিশের বিশেষ অভিযানে নতুন করে ৯ জন গ্রেপ্তার হলেন।