নীলফামারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অপরজনকে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের তালুক মানুঘমারা গ্রামের ফজলুল ইসলাম (২৮), ডোমার উপজেলার পূর্ব হরিণচড়া গ্রামের মাহবুব আলম (৪২) এবং কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী বিপুল (৫০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুবেল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল ইসলাম সদর উপজেলা যুবলীগের ৭ নম্বর কচুকাটা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৯(১), ১০ ও ৩০ ধারায় মামলা রয়েছে। নীলফামারী সদর থানার মামলাটির এফআইআর নম্বর ১৪। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর দায়ের করা এ মামলার জিআর নম্বর ৩৭২।

অন্যদিকে, ডোমারে গ্রেপ্তার মাহবুব আলম ১০ নম্বর হরিণচড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর ডোমার থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৬২, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৮০, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলায় মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে গোলাম রব্বানী চৌধুরী বিপুল ও রুবেল ইসলামকে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মো. সাইফুল ইসলাম/০১৭১১৫৮৮৩০৪/নীলফামারী।