শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা স্মরণে বর্ণাঢ্য আয়োজন; সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ

সিলেটে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্নকূট মহোৎসব। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে এ উৎসব উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ ব্যঞ্জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরীর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে দিনব্যাপী এ মহোৎসব উদযাপন করা হবে। এ উপলক্ষে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ভক্তদের সহযোগিতায় একাধিক চুলায় সারা রাত ধরে রান্না করা হচ্ছে নানা ধরনের নিরামিষ খাবার।

ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী জানান, অন্নকূট শব্দের বৈদিক অর্থ ‘অন্নের পাহাড়’। দেবরাজ ইন্দ্রের অতিবৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষায় শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই লীলাকে স্মরণ করেই এ উৎসবের আয়োজন করা হয়।

তিনি জানান, প্রস্তুত করা প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ খাবার ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হবে। পরে উৎসবে অংশ নেওয়া বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকদের সূচি অনুযায়ী, ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দর্শন আরতি, গুরুপূজা ও শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। দুপুরে থাকবে গো-ব্রাহ্মণ পূজা, গিরিগোবর্ধন পূজা, ভোগ আরতি এবং অন্নকূট লীলা নিয়ে আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের।