সিলেটে গোয়াইনঘাট উপজেলায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় স্বাস্থ্য, পুষ্টি ও জন্মনিবন্ধন সেবা একীভূতকরণ বিষয়ে ত্রৈমাসিক পরিকল্পনা, সমন্বয় ও পুনর্মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত সভায় কারিগরি সহযোগিতা প্রদান করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে কৌশলগত সহযোগিতায় ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশীর শরীফ।
এ ছাড়া গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা সমন্বয়কারী ত্রিদ্বীপ কুমার চক্রবর্তী, মনিটরিং অফিসার দ্বিপায়ন দাস, ট্রেনিং অফিসার হুমায়ুন কবিরসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মা ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন এবং শিশুর জন্মনিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের উপকারভোগীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সমন্বিতভাবে প্রয়োজনীয় সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করতে হবে।
সভায় গত তিন মাসের কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী তিন মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।






