সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরের জেলরোড থেকে ধোপাদীঘি এলাকা পর্যন্ত এ মিছিল বের করা হয়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলটি সিলেট মহানগর যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিছিল শেষ হওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. শাহেক আহমেদ (৩২), মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), মুন্না আহমেদ (২৯), দেলোয়ার হোসেন (৩৫), তানিম ইকবাল (১৯), সালেহ আহমেদ (১৮), কিবরিয়া আহমেদ (৩০), আলী আহমদ (৪৫), এন এম নাদিম (২০), ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯) ও জুনায়েদ আহমেদ (৩৮)।




