বোট ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার সময় তাকে ‘ব্যাড টাচ’ করার অভিযোগ তুলে নতুন করে বিতর্কে জড়ান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদেরও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বিচারক।
সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। বেলা ১১টা ৪১ মিনিটে তিনি এজলাসে প্রবেশ করেন। এ সময় তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের আদালতকক্ষে প্রবেশে বাধা দেওয়া এবং আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।
জামিন শুনানি শেষে দুপুর ১২টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গাড়িতে ওঠার মুহূর্তে একজন তাকে ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ নিয়ে এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।
এর আগে বুধবার (৪ নভেম্বর) একই আদালত পরীমনির সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমনি। আবেদনে অ্যালার্জিজনিত অসুস্থতার কথা উল্লেখ করা হয়।
তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এ আবেদনের বিরোধিতা করেন। তার দাবি, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময় নিচ্ছেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনি ও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০২৫ সালের ২৬ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে মদ পান করেন। একপর্যায়ে বিনামূল্যে মদের বোতল নিয়ে যেতে চাইলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় ক্লাবে ভাঙচুর করা হয় এবং ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে তাকে গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে আঘাত করা হয়। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেছিলেন পরীমনি। এ ছাড়া অভিনেত্রীর বিরুদ্ধে পৃথক মাদক মামলাও হয়েছিল।




