সিলেট নগরের ডালিয়া এলাকা থেকে ইসতিয়াক হোসেন সম্রাট (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সম্রাট নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডালিয়া এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ছেলে। সে স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সম্রাট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

ছেলের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবারটি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। এ ঘটনায় সম্রাটের বাবা নগরের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের পক্ষ থেকে সম্রাটের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সূত্র সিলেট টুডে