সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে গত ২৪ আগস্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। সংগঠনের উপজেলা পর্যায়ের কার্যক্রমকে সাংগঠনিক কাঠামোর আওতায় আনার লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা শাখার নেতারা জানিয়েছেন।
কমিটি গঠনের পর আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গোয়াইনঘাটে সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।





