দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্যদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও পরিস্থিতি বিবেচনায় দেখা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, বিভিন্ন সময়ে থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র এখনো মানুষের কাছে থাকতে পারে। কেউ পরিস্থিতির কারণে অস্ত্র নিয়ে গেলেও পরবর্তী সময়ে তা কোথায় বা কীভাবে জমা দেবেন, তা নিয়ে অনেকে দ্বিধায় রয়েছেন। আবার আইনি জটিলতার আশঙ্কায় তথ্য দিতেও অনেকে ভয় পাচ্ছেন।

এসআরবি কর্মকর্তা বলেন, এ ধরনের পরিস্থিতি বিবেচনায় অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হচ্ছে। কোথাও লুণ্ঠিত অস্ত্র, ম্যাগাজিন বা গুলি পড়ে থাকার তথ্য পাওয়া গেলে শুধু স্থানটি জানালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে সেগুলো উদ্ধার করবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো স্থানে কয়েকটি পিস্তল, একটি রাইফেল কিংবা ম্যাগাজিন ও গুলি পড়ে থাকার তথ্য পাওয়া গেলেও তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্যদাতাকে সরকারি ব্যবস্থাপনায় পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।

মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, অপরাধপ্রবণতা কমানো একটি চলমান প্রক্রিয়া। এক রাতেই কোনো এলাকার পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। তবে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এসআরবির কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী কাজ করছে। পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। ধীরে ধীরে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: ভিওডি বাংলা