সিলেটের গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রতন কুমার অধিকারী নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে উপজেলা সদরের বড় ব্রিজের নিচ থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের আশপাশ পরিষ্কার করা হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করতে ময়লা ফেলার জন্য তিনটি নতুন ময়লার বিনও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, সরকারের তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, উপজেলা সদরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





