ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো বিমানবাহী রণতরী। ইতালির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া প্রায় ৪১ বছর বয়সী সাবেক যুদ্ধজাহাজ আইটিএস জিউসেপ্পে গারিবালদি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তার তাংজুং প্রিয়োক বন্দরে পৌঁছেছে।

জাহাজটি সেখানে পৌঁছালে সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাগত জানানো হয়। এটি ইন্দোনেশিয়ার সামুদ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহারের পরিকল্পনা করছে দেশটির সরকার।

ইতালির নৌবাহিনীতে থাকা অবস্থায় জাহাজটির নাম ছিল আইটিএস জিউসেপ্পে গারিবালদি। এটি এমন ধরনের বিমান পরিচালনা করতে পারে, যেগুলো অল্প দূরত্বে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। পাশাপাশি হেলিকপ্টার পরিচালনার সুবিধাও রয়েছে।

ইতালি গত মার্চে জাহাজটি ইন্দোনেশিয়াকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ইতালি ইন্দোনেশিয়ার কাছে সাবমেরিন ও সামরিক বিমান বিক্রির বিষয়েও আগ্রহী।

জাহাজটি ২০২৪ সালে ইতালির নৌবাহিনী থেকে অবসর নেয়। ইন্দোনেশিয়ার কাছে হস্তান্তরের মাধ্যমে পুরোনো জাহাজটি ভেঙে ফেলার ব্যয়ও ইতালির এড়ানো সম্ভব হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিমানবাহী রণতরী পরিচালনাকারী দ্বিতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। এর আগে ১৯৯৭ সালে স্পেনের কাছ থেকে এইচটিএমএস চাকরি নারুয়েবেত গ্রহণ করে থাইল্যান্ড।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির নতুন নাম KRI Sriwijaya। এর আগে সরকারি বিভিন্ন বক্তব্যে KRI Gajah Mada নামটি ব্যবহারের কথা বলা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর নৌবাহিনীর পক্ষ থেকে নতুন নামটি নিশ্চিত করা হয়।

ইন্দোনেশিয়া জাহাজটিকে শুধু সামরিক কাজে নয়, দেশটির বিস্তৃত দ্বীপাঞ্চলে দুর্যোগ মোকাবিলা, হেলিকপ্টার ও ড্রোন পরিচালনা এবং মোবাইল কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান