মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ওমানসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিল ও অন্যান্য সংকটের বিষয়গুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া, হাসপাতালে যোগাযোগ এবং নিহতদের মরদেহ দেশে আনার কাজও করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ নিয়ে নানা ধরনের তথ্য ও আলোচনা চলছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট গবেষকদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে। তিনি তথ্য যাচাই ছাড়া কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর আহ্বান জানান।

সিলেটের পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বড় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই ও অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ডিসেম্বরের পর উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।