সিলেটে তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। এতে সিলেট জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার পরিবহন চলাচলে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শ্রমিক নেতারা জানান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু দাবিগুলোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বরের সভায় অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা, লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিং নিশ্চিত করা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদানের দাবিও জানিয়েছেন তারা।

সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, কদমতলীর ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, এ মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবির বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সোমবার ভোর থেকে কর্মবিরতি শুরু হলে সিলেটের সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।