সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে।

ঘটনার পর জাকারিয়া মাহমুদ ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, জাকারিয়া মাহমুদকে আটকের পর নিয়ে আসার পথে একদল লোক পুলিশের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।