ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে চূড়ান্ত করেছে দলটি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। পাশাপাশি প্রার্থিতা নিয়ে কোনো জটিলতা তৈরি হলে বিকল্প রাখার জন্য আরও একজনের মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে। বৈঠকে মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকারও নেওয়া হয়।
এর আগে ১৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে ফরম জমা দেন তিন নেতা। তারা হলেন—মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র) এবং সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনসংক্রান্ত আইনি বা যাচাই-বাছাইয়ের কোনো পর্যায়ে মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে যাতে দলীয় প্রতীকের প্রার্থী দেওয়ার সুযোগ থাকে, সে ঝুঁকি বিবেচনায় একাধিক মনোনয়নপত্র জমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
আসনটি শূন্য হয় ২২ আগস্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ছাত্রদল নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
এর আগে শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদল থেকে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।





