রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হয়ে বেলা ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

1000124544.jpg

বিমানবন্দর থেকে মোটরকেডযোগে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। পরে দুপুরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সার্কিট হাউস থেকে রওনা হন।

দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাহ এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছে জিয়ারত করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

এরপর রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন। সফরসূচি অনুযায়ী, শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের সময় নির্ধারিত ছিল দুপুর ১টা ২৫ মিনিট।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

এক দিনের সফরের অংশ হিসেবে বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।