সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর তীরবর্তী এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকায় মর্টার শেলটির সন্ধান পাওয়া যায়। স্থানীয় কয়েকজন শিশু সেখানে খেলাধুলার সময় বস্তুটি দেখতে পায়।
পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি পরীক্ষা করতে গিয়ে ভাঙার চেষ্টা করেন। তবে সেটি ভাঙতে না পেরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটির আশপাশে লোকজনের চলাচল সীমিত করে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলটি নজরদারিতে রেখেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নয়াগাঙ্গের পাড়ে খেলতে গিয়ে কয়েকটি শিশু মর্টার শেলটির মতো বস্তু দেখতে পায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
মর্টার শেলটি কোথা থেকে এসেছে এবং এর প্রকৃতি কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে নিশ্চিত করা হবে।





