সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় শেলটি ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় খেলতে গিয়ে কয়েকজন শিশু পরিত্যক্ত মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করলেও সফল হননি।

বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে এবং শেলটির চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে সেনাসদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মর্টার শেলটি ধ্বংস করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর জাফলং বাজারের একটি ভাঙারি দোকানের সামনে থেকেও একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছিল।