সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি ও পাচারের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একদিনের এসব অভিযানে জিরা, গরু, চকলেট, কসমেটিকস, সুপারি, রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার সময় জিরা, গরু, চকলেট, কসমেটিকস ও সুপারি জব্দ করা হয়। একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় রসুন ও শিং মাছও আটক করে বিজিবি।
বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক অভিযানে জব্দ করা এসব পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।






