সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানায়, কিশোরীর সঙ্গে পাভেল আহমদের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে আমুড়া বাঙালিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাভেল ও তার সহযোগী আবদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, পরে কিশোরীকে রানাপিং বাজারসংলগ্ন একটি খালি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ২৪ মে ও ২৮ মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে কিশোরীকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপর তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জের আমুড়া এলাকার আবদুর রহমানের ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।