বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়ানোর প্রত্যয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন ও জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুপুর ১২টার দিকে জাফলংয়ের প্রধান সড়ক ও পর্যটন এলাকা প্রদক্ষিণ করে র‍্যালিটি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জাফলং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, পর্যটকদের কাছে জাফলংকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, নিরাপত্তা ও পর্যটকবান্ধব সেবার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকাচালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমেদসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা-সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।