হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদুল ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মন্দরি গ্রামে মজিদ খান ও সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি জায়েদুলের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।