সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেতে যাচ্ছেন। চলতি বছর তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও সম্মাননা পেয়েছেন।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিউটি রানী পাল। অন্যরা হলেন সিলেট সদর উপজেলার মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের মোছাম্মাত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের আদরী রানী দাস।

গত ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ সম্মাননা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের জুলাইয়ে গানের সঙ্গে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও ট্রলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। তবে তাঁর সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর প্রতিবাদে পাশে দাঁড়ান।

বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। আলোচনা-সমালোচনার সেই অধ্যায় পেছনে ফেলে এবার তাঁর নাম উঠেছে জেলা পর্যায়ের গুণী শিক্ষকের তালিকায়। একই সময়ে সিলেট বিভাগের চার জেলা থেকে আরও তিন শিক্ষককে বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।