বিয়ের এক বছর পূর্ণ হলো জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। বিশেষ এই দিনে স্বামী তানজিম তৈয়বকে নিয়ে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি নিজের অতীতের কঠিন সময় ও নানা ভুল সিদ্ধান্ত নিয়েও খোলামেলা হয়েছেন এই অভিনেত্রী।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। প্রথম বিবাহবার্ষিকীতে ঘরোয়া আয়োজনে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ফারিয়ার ভাষ্যে, জীবনের দীর্ঘ সময় নানা কষ্ট ও মানসিক চাপের মধ্য দিয়ে পার করেছেন তিনি। অতীতের কিছু সিদ্ধান্তকে এখন তার কাছে বড় ভুল বলেই মনে হয়। সামাজিকতার চাপ সামলাতে গিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু মেনে নেওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।
তবে সেই কঠিন সময় পেরিয়ে বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ফারিয়া। স্বামী তানজিমের পাশাপাশি শ্বশুর-শাশুড়িসহ নতুন পরিবারের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতাকে জীবনের বিশেষ পাওয়া হিসেবে দেখছেন তিনি।
মানসিক চাপ সামলাতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ফারিয়া। পাশাপাশি নিজেকে সামলে নিতে কাউন্সেলিং ও থেরাপির সহায়তাও নিয়েছেন বলে জানান তিনি। অতীতের জমে থাকা কষ্ট কাটিয়ে উঠতে জীবনের কয়েকটি বছর চলে গেছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
সবশেষে অবশ্য আবেগঘন কথার আবহটা একটু হালকা করেছেন ফারিয়া। স্বামী তানজিমকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনের জন্য মজার কিছু ‘পরামর্শ’ দিয়েছেন তাকে।
ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজ থেকে পানি নেওয়ার পর দরজা বন্ধ করার কথা যেন মনে থাকে—রসিকতা করে এমন বার্তাই দিয়েছেন অভিনেত্রী। তার এই মিষ্টি-হাস্যরসাত্মক বার্তায় বিবাহবার্ষিকীর পোস্টটি পেয়েছে ভিন্ন মাত্রা।

