জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন। এর আগে পাঁচবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।
এ অর্জনে মো. মহিউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন, তজুমদ্দিন। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. মহিউদ্দিনের এ অর্জন তজুমদ্দিনের প্রাথমিক শিক্ষা পরিবারসহ পুরো জেলার জন্য গর্বের। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীবান্ধব পাঠদান অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মো. মহিউদ্দিন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে শিক্ষকরা মো. মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক তুলে দেন।





