‘সচেতনতা ও শৃঙ্খলার আলোয় গড়ব ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন। প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শৃঙ্খলা ও সচেতনতার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। স্কুলের আইডি কার্ড কেবল শিক্ষার্থীর পরিচয় বহন করে না, এটি তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও দায়িত্ববোধও জাগ্রত করে। শৃঙ্খলার মধ্য দিয়েই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি আইন মেনে চলা, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং কিশোর অপরাধ ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ডিজিটাল অগ্রযাত্রায় শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈধ্য এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসাইন, সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন ডিজিটাল পরিচয়পত্র তুলে দেন। নতুন আইডি কার্ড পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।