সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বান্দরবানের লামায় নারী সমাবেশ ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার আয়োজনে ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নূর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নারী ও শিশুর অধিকার নিশ্চিত করতে হবে। ছেলে ও মেয়ে সন্তানের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা স্বল্প সময়ে গ্রহণের সুযোগ রয়েছে। এসব সেবা পেতে নাগরিকদের সহযোগিতায় পরিষদের গ্রাম পুলিশ সর্বোচ্চ সহায়তা করবে। কোনো নাগরিক সেবা গ্রহণে ভোগান্তির শিকার হলে ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় তিনি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সরকারের সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা কর্মসূচি সম্পর্কে অবহিত করতে গিয়ে তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালীন সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সুযোগ রয়েছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি কর্মসূচির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সহায়তা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করার বিষয়টি উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নির্যাতনের শিকার দরিদ্র ও অসহায় মানুষের আইনি অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিদের নীরব না থেকে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের সুযোগ সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।
সমাবেশে স্থানীয় নারী জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সচেতনতামূলক স্টিকার উপস্থিত নারীদের মধ্যে বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, নারী ও শিশুর অধিকার, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




