নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের জীবিকার মানোন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় উপজেলার ২১টি পরিবারের মধ্যে এসব উপকরণ দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন উপকরণের চাবি তুলে দেন প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে টি-সিএনসি, ভুট্টা ভাঙার মেশিন এবং মালবাহী তিন চাকার মেশিন। এসব উপকরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবে বলে আয়োজকরা জানান।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা ও বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরাসরি আয়বর্ধক উপকরণ তুলে দেওয়া হলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।