নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নে দুটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৃথকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়নকাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের ২ দশমিক ২ কিলোমিটার এবং বাবলাতলা গ্রামের ১ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হবে। দুটি সড়কের উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মিলন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামসুল আলম, গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব, সাবেক ছাত্রনেতা ও বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিউর রহমান টিপু, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসিমা হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন শিং, বিয়াঘাট ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতা অপু আহমেদ ও মিলন আহামেদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল আজিজসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা সরকারের গত ছয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা থাকায় বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। সড়ক দুটি পাকাকরণ হলে বিয়াঘাট ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।





