গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ছে। দীর্ঘদিনের বিভাজন পেরিয়ে এবার একসঙ্গে নির্বাচন আয়োজনের উদ্যোগে সাংবাদিকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন সাংবাদিক। তারা হলেন—সাপ্তাহিক হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি জালাল আহমদ চৌধুরী, এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ এবং সিলেট প্রতিদিন ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাকির আহমদ।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পরে ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।

প্রচারণায় প্রার্থীরা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চাইছেন তারা। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের আড্ডা ও বিভিন্ন মহলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রার্থীদের কর্মকাণ্ড।

সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচনের অন্যতম দিক হলো দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে একটি প্রেসক্লাবের অধীনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ। ফলে নির্বাচিত নতুন নেতৃত্বের কাছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা রয়েছে।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী ৩ অক্টোবর ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার সম্পাদক পদে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।