সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় রাতভর মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকসেবনের পাশাপাশি অনলাইন জুয়া ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মহানগরীর তিনটি এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহানগরীর ছয়টি থানার আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অভিযানে সিলেট মহানগর পুলিশ সার্বিক সহযোগিতা করে। রাতভর পরিচালিত এ অভিযানের ফলে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব বলেন, জনস্বার্থে মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।