সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি লিস্টার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় টানা পাঁচ ঘণ্টা এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক সভা করা হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।





