শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে।

1000127789.jpg

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াতে কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়াতে কলেজে প্রয়োজন অনুযায়ী আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। এ লক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

1000127790.jpg

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় জীবনের গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় ভবিষ্যৎ পড়াশোনা ও কর্মজীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। নিয়মিত অধ্যয়ন ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রের ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন ও গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।