রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও গুরুতর আহত হয়েছেন। পুলিশ গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে।
নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তারের অভিযোগ, তাঁর ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তাঁর স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে শুক্রবার সকালে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
তাহমিনা আক্তার বলেন, হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে তাঁর বাবা নজরুল ইসলাম খানকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর মা জহুরা বেগম ও বোন রুনা আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে অভিযুক্ত ইমান সরদার, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





