নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের সম্পত্তি ভোগদখলের অভিযোগকে ‘মিথ্যা ও অপপ্রচার’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন একটি পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম ওরফে জামরুল ও তার ভাই জাহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয় করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম তাদের বাবার দ্বিতীয় পক্ষের সন্তান। অপরদিকে নুরুল ইসলাম ও রুহুল আমিন প্রথম পক্ষের সন্তান। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আবারও বিরোধ দেখা দেয় বলে স্থানীয়রা জানান।

মানববন্ধনে শহিদুল ইসলাম অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে তাকে মারধর এবং পরে সিংড়া ক্যাম্পে নিয়ে নির্যাতনের অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শহিদুল ইসলাম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আইন অনুযায়ী সম্পত্তি ভাগ-বণ্টন করা হয়েছে। নুরুল ইসলাম তার প্রাপ্ত সম্পত্তি ছোট ভাই রুহুল আমিনের কাছে বিক্রি করেছেন। পিপলা মৌজায় তার আর কোনো জমি নেই। এরপরও আমাকে জমি ভোগদখলকারী হিসেবে প্রচার করে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

মানববন্ধন থেকে বক্তারা জমি-সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।