সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য  রনজিত সরকারের আলোচিত সভার পর ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে। অন্যদিকে, সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। অভিযান শেষে রিসোর্টের ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে সরেজমিনে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখা যায়।

গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে পর্যটকবাহী বাসে করে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতারগুল সোয়াম্প ফরেস্টসংলগ্ন ওই রিসোর্টে যান। সেখানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সেদিন বিকেলে ‘শিক্ষা সফর’ লেখা ব্যানার টানিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজনও করা হয়। পরে রাত আনুমানিক ৯টার দিকে রনজিত সরকার সেখানে উপস্থিত হন। এর কিছুক্ষণ পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। এ সময় রনজিত সরকার প্রায় পাঁচ মিনিট বক্তব্য দেন।

জানা গেছে, জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়া শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।

এদিকে, সভায় উপস্থিত থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি সভার স্থান হিসেবে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের নাম জানান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে রিসোর্টটিতে যায়। পরে সভার স্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সভার স্থান নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রথম দিকে সভাটি সীমান্তবর্তী কোনো এলাকা কিংবা ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে পুলিশি তদন্তে গোয়াইনঘাটের রাতারগুলে সভাটি হওয়ার তথ্য সামনে আসে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, ‘একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তাঁরা এসে সভাটি করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন ও আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে। সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে, রিসোর্টের মালিক সোহেল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।