র্লি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিটি রয়টার্সের হাতে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এলো। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা আগেই ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান।

শেখ হাসিনার আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি দ্রুত ইস্যুর অনুরোধ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার দেশে ফেরার বিষয়টি ভারত-বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক টানাপড়েন কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স,