১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই কৃতী সন্তান হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য। তাঁদের সাফল্যে রাজবাড়ীতে আনন্দের পাশাপাশি আইন অঙ্গনে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গত ২৩ সেপ্টেম্বর এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ২০০ জনকে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এই তালিকায় জায়গা করে নেন রাজবাড়ীর হাফসা ও দেবব্রত।
হাফসা বিনতে আইয়ুব তুলি রাজবাড়ীর কৃতী সন্তান এবং ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্য। মেধা, অধ্যবসায় ও দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে তিনি বিজেএস পরীক্ষায় সফলতা অর্জন করেন। তাঁর এই অর্জনে ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্যসহ স্থানীয় আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সন্তান দেবব্রত ভট্টাচার্য্যও ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনিও ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্য। স্থানীয় পর্যায় থেকে উঠে এসে দেশের বিচার বিভাগে প্রবেশের সুযোগ পাওয়ায় তাঁর সাফল্যকে গর্বের হিসেবে দেখছেন এলাকাবাসী।
দেবব্রত জামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
রাজবাড়ীর এই দুই তরুণের বিজেএসে সুপারিশপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-সহপাঠী, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁদের এ অর্জন জেলার তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।





