ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ প্রত্যাবাসন নয়, বরং আসামি হিসেবে হস্তান্তরের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো ট্রাভেলার নন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর অভিযোগ রয়েছে। দেড় হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, শেখ হাসিনা ফাঁসির আসামি। তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সাধারণভাবে বিবেচনার সুযোগ নেই। ভারত সরকারের কাছে আসামি হিসেবে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।
তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাসপোর্টের বিষয়টি সামনে এনে তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। রাজনৈতিকভাবে মৃত একজন ব্যক্তিকে নিয়ে রাষ্ট্রের সময় নষ্ট করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সোমবার সকালে আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা এটিই প্রথম প্রকাশ্যে এসেছে।
লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের আওতায় উদ্ভূত বাধ্যবাধকতার বিষয় উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান বলেও জানিয়েছিলেন। ফলে একদিকে তার দেশে ফেরার আইনি প্রস্তুতি, অন্যদিকে ভারত থেকে আসামি হিসেবে হস্তান্তরের কূটনৈতিক উদ্যোগ—দুই বিষয় ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।






