রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্তত পাঁচটি স্থানে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। একই রাতে যাত্রাবাড়ীর কাজলা স্টেশনসংলগ্ন ডেমরা সড়ক এবং পান্থপথ এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া উত্তরা পূর্ব থানার ফটকের সামনেও তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা থানার সামনে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজমপুর বিআরটি সড়ক থেকে থানা লক্ষ্য করে ককটেল নয়, বরং ককটেলসদৃশ ছোট বিস্ফোরক বস্তু নিক্ষেপ করা হয়েছে। বস্তুটি ছোট আকারে বিস্ফোরিত হলেও থানার ভেতরে পৌঁছায়নি।
এসব ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশও ঘটনাগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি।
সূত্র: কালবেলা






