নেত্রকোনার মদন উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নামজারি খারিজের কাজ করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়ার পর নামজারি সম্পন্ন হলেও বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় রাতারাতি সেই নামজারি বাতিল করা হয়েছে। এ ঘটনায়গোবিন্দশ্রী গ্রামের মামুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নের এরশাদ মিয়ার ছেলে মামুন মিয়া জমি নামজারির জন্য আবেদন করেন। তাঁর আবেদনের মামলা নম্বর ১৭৬৩। আবেদনটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাঁকে ফোন করে ভূমি অফিসে যেতে বলেন। আবেদনের বিরুদ্ধে অভিযোগ এসেছে জানিয়ে তাঁকে কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে কথা বলেন ওই কর্মচারী।
মামুন মিয়ার অভিযোগ, সেখানে সাজ্জাদ তাঁকে জানান, আবেদনের বিরুদ্ধে অভিযোগ আসায় নামজারি বাতিল হয়ে যেতে পারে। তবে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। তিনি চাইলে কাজটি করিয়ে দিতে পারবেন। এ জন্য ৫০ হাজার টাকা দিতে হবে। পরে তিনি প্রথমে ৩০ হাজার টাকা নগদ দেন এবং নামজারি সম্পন্ন হলে বাকি ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, কিছুদিন পর তাঁর মোবাইলে নামজারি সম্পন্ন হওয়ার বার্তা আসে। অনলাইনে আবেদনের অবস্থা যাচাই করেও তিনি কাজ সম্পন্ন দেখতে পান। এরপর সাজ্জাদ বাকি ২০ হাজার টাকা দেওয়ার জন্য ফোন করেন। মামুন এক সপ্তাহ সময় চাইলেও ওই রাতেই সম্পন্ন হওয়া নামজারি বাতিল করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে টাকা ফেরত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন।
মামুন মিয়া আরও অভিযোগ করেন, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে ভূমি অফিসে নামজারির কাজ করানো কঠিন হয়ে পড়েছে। কাগজপত্রে ত্রুটি না থাকলেও বিভিন্নভাবে বুঝিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটছে বলে তাঁর দাবি। তবে এসব অভিযোগের স্বাধীন তদন্ত ও সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) ভূমি অফিসে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কানুনগো হায়দার আলী জানান, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মামুন মিয়ার নামজারি বাতিলের বিষয়টিও অন্যায়ভাবে করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আবেদনকারীর কাগজপত্রে কোনো ভুল ছিল না।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের জানান , সাজ্জাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ পাওয়া গেছে। নতুন করে লিখিত অভিযোগও পেয়েছি। অভিযোগগুলো যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নামজারি সম্পন্ন হওয়ার পর তা বাতিল এবং ঘুষ দাবির এমন অভিযোগে মদন উপজেলা ভূমি অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘুষ লেনদেনের সত্যতা, নামজারি বাতিলের কারণ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।






