নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ সংস্কারের জন্য ১৮ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৯০৮ টাকা বরাদ্দ এবং পাঁচ মাস আগে কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি শুধু রুহাই গ্রামের মানুষের চলাচলের পথ নয়, আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায় রুহাই হয়ে চলনবিলগামী এই সড়ক দিয়ে ছুটির দিন ও বিভিন্ন উৎসবে ১০ থেকে ১৫ হাজার পর্যটক যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটকদের আনন্দময় ভ্রমণ পরিণত হচ্ছে চরম ভোগান্তিতে।

সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় আমজাদ শেখ স্মৃতিগেট থেকে বিলসা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এবং বিলসা থেকে কুন্দইল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পাশের ডোবায় ধসে পড়েছে। আবার কোথাও ঢালাই ভেঙে ভেতরের রড বেরিয়ে এসেছে। দীর্ঘদিনের ক্ষয়ক্ষতিতে সড়কের দুই পাশ দেবে গিয়ে মাঝখানের অংশ উঁচু হয়ে আছে। এসব খানাখন্দের মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে বিলসা-কুন্দইল অংশের কিছু জায়গা পানিতে তলিয়ে যায়। তখন নৌকায় চলাচল করতে হয়। বর্ষার পানি নেমে সড়কটি জেগে উঠলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগের অবসান হয়নি। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, চাঁচকৈড় আমজাদ শেখ স্মৃতিগেট থেকে বিলসা পর্যন্ত সাত কিলোমিটার এবং বিলসা থেকে কুন্দইল পর্যন্ত তিন কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৬ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৯০৮ টাকা। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উদ্যোগে অগ্রাধিকার প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। নাটোরের ঠিকাদার আসাদুজ্জামান হীরা সাবঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করবেন।

উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া জানান, সড়কটির সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গত ২ জুন কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। দ্রুত কাজ শুরুর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হচ্ছে। আগামী বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্ধারিত সময় রয়েছে। আশা করছি আগামী ১ সপ্তাহের মধ্যে কাজটি শুরু হবে।

এ বিষয়ে ঠিকাদার আসাদুজ্জামান হীরা বলেন, বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজ সড়কটির কাজ পেয়েছিল। পরবর্তী সময়ে তিনি কাজটি কিনে নেন। তবে বর্ষা মৌসুমের কারণে সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা জানান, সড়কটির দুরবস্থার কথা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে সংস্কারকাজ শুরু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

তাদের দাবি, দুই উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থা সচল রাখা, কৃষিপণ্য পরিবহন সহজ করা এবং চলনবিলের পর্যটন সম্ভাবনা ধরে রাখতে সড়কটির সংস্কার অত্যন্ত জরুরি। তাই আর কালক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন, এলজিইডি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। সাড়ে ১৮ কোটি টাকার প্রকল্প যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ নেয়—এমনটাই দাবি স্থানীয়দের।