ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ‘নাটক’ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার বারবার তাগিদ দিলেও ভারত তা আমলে নিচ্ছে না। তাঁর অভিযোগ, ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সেখানে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর দাবি, এ কারণে প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
আদানি পাওয়ার প্ল্যান্ট প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার কথা জানানো হয়। তাঁর দাবি, এর পেছনে ভারতের ‘কূটকৌশল’ রয়েছে।
দেশের গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, এটি সরকারের তৈরি সংকট নয়; আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এ সমস্যা তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দাবি করেন, গত সরকারের সময়ে দেশে লুটপাট, অর্থপাচার, গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে মধুর ক্যান্টিন নিয়ে সাম্প্রতিক বিতর্কের সমালোচনা করে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি সম্মান রক্ষার আহ্বান জানান।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



