দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নাটোরের গুরুদাসপুরে খুবজীপুর বাজার-বিয়াঘাট ইউপি অফিস ভায়া যোগেন্দ্রনগর-খুবজীপুর জিপিএস-১ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সড়কটির চেইনেজ ২০০০ থেকে ২৩৪০ মিটার পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়কটি উন্নত হলে খুবজীপুর বাজার, যোগেন্দ্রনগরসহ আশপাশের এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ঠিকাদার ছাবেন শাহ্ এবং কালাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোরাপ আলী সরকার, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, সড়কটির উন্নয়ন দীর্ঘদিনের দাবি ছিল। কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গুরুদাসপুর, নাটোর।